দীর্ঘ অপেক্ষার পর ফের আলোচনায় এসেছে বিশ্বজুড়ে জনপ্রিয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ষষ্ঠ কিস্তি। আর সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে হলিউড তারকা জনি ডেপের নাম। ফ্র্যাঞ্চাইজিটির আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে আবারও পর্দায় ফিরতে পারেন তিনি। সিনেমাটির প্রযোজক জেরি ব্রুকহাইমারও ডেপের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী।
২০১৮ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি থেকে জনি ডেপের সরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসে। একই বছর তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড একটি পত্রিকায় লেখা নিবন্ধে গৃহনির্যাতনের অভিযোগ তোলেন। যদিও নিবন্ধে ডেপের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, সেই সময়ের বিতর্কের পর ডিজনি ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি থেকে ডেপকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
পরবর্তীতে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেন জনি ডেপ। আদালতে শুনানির সময় তিনি দাবি করেন, ডিজনির সিদ্ধান্ত তার ক্যারিয়ারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই সময় ডেপ এমনও জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি আর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন না।
তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ডেপ ও হার্ডের মধ্যকার বিরোধেরও নিষ্পত্তি হয়েছে। এরপর থেকেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ ডেপের ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
প্রযোজক জেরি ব্রুকহাইমারও সম্প্রতি জানিয়েছেন, ডেপের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং অভিনেতাকে আবারও জ্যাক স্প্যারোর চরিত্রে ফেরানোর বিষয়ে তিনি আশাবাদী। যদিও এখনো ডেপের প্রত্যাবর্তন নিয়ে আনুষ্ঠানিক চুক্তি বা চূড়ান্ত ঘোষণা আসেনি।
তাই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপকে আবারও দেখা যাবে কি না, সেটিই এখন ভক্তদের সবচেয়ে বড় অপেক্ষা।