মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

বাংলা নাটকের স্বতন্ত্র ধারা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাট্যকার ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ। মঙ্গলবার (১৮ আগস্ট) তার জন্মদিন ঘিরে রাজধানীতে শুরু হয়েছে নানা আয়োজন। নাট্যচর্চা, মঞ্চায়ন ও স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় এই নাট্যব্যক্তিত্বকে স্মরণ করছেন নাট্যকর্মীরা।

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনের বিশেষ নাট্যকর্মসূচি। মঙ্গলবার সকালে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। প্রথম দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের বহুল আলোচিত নাটক ‘নিমজ্জন’। প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

আয়োজনের দ্বিতীয় দিন বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘জহরনামা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি তৈরি ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। নাটকটি পরিবেশন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তিন দিনের আয়োজনের সমাপনী দিনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’। এ এইচ রাজন ও রফিকুল ইসলামের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। প্রযোজনাটি পরিবেশন করবে প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য সংগঠন সুন্দরম।

এদিকে সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি নিয়েছে নাট্য সংগঠন স্বপ্নদল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ মঞ্চস্থ করবে সংগঠনটি। প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন।

এরপর শুক্রবার (২১ আগস্ট) একই মঞ্চে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সেলিম আল দীনের রচনা ‘হরগজ’-এর ৫২তম ও ৫৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনাও দিয়েছেন জাহিদ রিপন।

নাট্যকার হিসেবে সেলিম আল দীন বাংলা নাটকে লোকজ সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবন-অভিজ্ঞতাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। তার জন্মবার্ষিকী ঘিরে এবারের আয়োজনগুলোয় তাই শুধু স্মরণ নয়, তার নাট্যভাবনা ও সৃষ্টিকে মঞ্চে নতুন করে তুলে ধরারও প্রয়াস রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com