জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পাল পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন অনুপম। তিনি লিখেছেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে।’
প্রশ্মিতা সন্তানসম্ভবা—এমন খবর আগে থেকেই জানা গেলেও পুরো বিষয়টি অনেকটাই গোপন রেখেছিলেন অনুপম ও প্রশ্মিতা। এবার পুত্রসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছেন তাদের অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপমের পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অসংখ্য ভক্ত।
২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম রায়। এর আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন ছিল তার। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অনুপম রায় ও প্রশ্মিতা পাল দুজনেই সংগীতজগতের পরিচিত মুখ। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার ‘সাজনা’ গানে প্লেব্যাক করে পরিচিতি পান প্রশ্মিতা। এরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
অনুপম রায় ও প্রশ্মিতা পালের কণ্ঠে গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ভালোবাসি তোমাকে’ ও ‘তোমায় নিয়েই গল্প হোক’ উল্লেখযোগ্য। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা দম্পতি। পুত্রসন্তানের আগমনে অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের ভক্ত-অনুরাগীরা।