ভারতীয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-এর ১৫তম সিজনের শুটিংয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। আঘাত পাওয়ার পর চিকিৎসকেরা তাকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য আগের কিছু ঘটনা মনে করতে পারছিলেন না বলে জানিয়েছেন জেসমিন নিজেই। অভিনেত্রীর দাবি, স্টান্টটি শেষ হওয়ার পর ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তার কোনো স্মৃতি ছিল না। এমন ঘটনা তার জীবনে ঘটতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি।
ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই সময়ের সব স্মৃতি এখনও পুরোপুরি ফিরে পাননি জেসমিন। তবে বর্তমানে তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে হঠাৎ পেটের তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন জেসমিন। পরে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ‘টার্মিনাল আইলাইটিস’ নামে অন্ত্রের একটি গুরুতর সংক্রমণ ধরা পড়ে।
একদিকে শুটিংয়ের সময় দুর্ঘটনা, অন্যদিকে এর আগে গুরুতর অসুস্থতা—সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী জেসমিন ভাসিন।