বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের জন্মদিন আজ, ১৬ আগস্ট। ১৯৭০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। বিশেষ এই দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক অদেখা ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কারিনা ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার সারা জীবনের সঙ্গী।’ মজার ছলে তিনি আরও জানান, সাইফকে ছাড়া তাঁর জীবন আরও বেশি একঘেয়ে হয়ে যেত।
কারিনা আরও জানান, পোস্টে থাকা সব ছবিই সাইফের অনুমতি নিয়েই প্রকাশ করেছেন তিনি। স্বামীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে তাঁর ভালো লাগে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
কারিনার এই পোস্টে ব্যবহৃত গানটিও নজর কেড়েছে ভক্তদের। সাইফ ও কারিনা অভিনীত ‘টশন’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল ডান্স মারে’ বেছে নিয়েছেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির শুটিংয়ের সময়ই সাইফ ও কারিনার সম্পর্কের শুরু হয়।
অদেখা ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন সাইফ। তবে কারিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাঝেমধ্যেই এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সামনে আসে।