রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার কলকাতার একটি মিছিলে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত ওই মিছিলে অংশ নেন তিনি। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে জয়া আহসানকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। মিছিল চলাকালে সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলান তারা।
মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কেন কলকাতার ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জয়া আহসান। মিছিলে অংশ নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রশংসা বা সমালোচনারও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।