ঢাকা সফরে আসছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় তারকা ক্লদিও ক্যানিজিয়া। তাকে ঘিরে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীত কনসার্ট ‘সকারামা’।
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
বিকেল ৩টায় শুরু হতে যাওয়া কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড।
ক্যানিজিয়ার ভক্তদের জন্য থাকছে বিশেষ সুযোগ। কনসার্টে উপস্থিত ১০০ জন সৌভাগ্যবান দর্শক সরাসরি তার সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া এবং ছবি তোলার সুযোগ পাবেন।
ইতোমধ্যে ‘সকারামা’র টিকিট বিক্রি শুরু হয়েছে। তিন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে—সিলভার ২ হাজার, গোল্ড ৩ হাজার এবং প্লাটিনাম ১০ হাজার টাকা। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে খেলেছেন ক্লদিও ক্যানিজিয়া। ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে নব্বইয়ের দশকে আর্জেন্টিনার আক্রমণভাগে গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতায় তিনি ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন।