দুটি নতুন মিনি সিরিজ ও একটি রোম্যান্টিক নাটকের মাধ্যমে একই সময়ে তিন ভিন্ন লুকে দর্শকদের সামনে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।
জানা গেছে, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। এর মধ্যে একটি হলো ‘কর্মফল’, যা পরিচালনা করেছেন মহিন খান। পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গভীর টানাপোড়েন নিয়ে তৈরি এই সিরিজে মাহির সাথে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পী।
এদিকে, দ্বিতীয় মিনি সিরিজটির নাম ‘মায়ার সংসার’, যা নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। তবে এই সিরিজে মাহির সাথে সহশিল্পী হিসেবে কাদের দেখা যাবে, তা নিয়ে সারপ্রাইজ রেখে নির্মাতাপক্ষ।
অন্যদিকে রোম্যান্টিক ঘরানা নাটকটির নাম ‘কথা দিলাম’। যা বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইউটিউবে মুক্তির কথা রয়েছে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে মাহি-র সঙ্গে অভিনয় করেছেন আরশ খান।