দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তাঁর দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার ইউটিউবেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই শিল্পী। তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০ লাখ বা ৩ মিলিয়নে পৌঁছেছে।
২০১৬ সালে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রকাশিত হয় প্রথম ভিডিও। এরপর থেকে নিয়মিতভাবে এই চ্যানেলে প্রকাশ পেয়েছে মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় পুরোনো গান। পাশাপাশি প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গানও।
দীর্ঘ সময় ধরে ইউটিউবে মনির খানের গানগুলোর প্রতি শ্রোতাদের আগ্রহ ও ভালোবাসা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে।
এই সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।
অনুষ্ঠানে নিজের এই অর্জন নিয়ে অনুভূতি প্রকাশ করে মনির খান বলেন, ‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সবার ভালোবাসা ও সার্বিক প্রচেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’
মনির খানের এই অর্জন তাঁর দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের অব্যাহত ভালোবাসারই প্রতিফলন। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা গানের জনপ্রিয়তা এবং শিল্পীদের সৃষ্টিকর্মের মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্বও তুলে ধরেছে তাঁর ইউটিউব চ্যানেলের এই সাফল্য।