প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি সহ সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতায় একমত পোষণ করেন।
আলোচনায় মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানবিক আইন সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘মানবজীবনের মূল্য সর্বাগ্রে’ এবং এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রেক্ষাপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। যেমন, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার এবং প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম সহ আরও প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এছাড়াও উভয় পক্ষ আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সহ আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রমের ক্ষেত্রে মানবিক ও আইনগত বিষয় যথাযথভাবে বিবেচনায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।