মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আগামী বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।

এর আগে, ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর চলতি মাসের ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফিরে পরিবার, স্বজন ও চলচ্চিত্রাঙ্গনের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিছুদিন সময় কাটিয়েছেন তিনি। তবে চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে আবারও লন্ডনে ফিরতে হচ্ছে তাকে।

ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, লন্ডনে পৌঁছানোর পর প্রথম এক সপ্তাহ বিশ্রামে থাকবেন তার বাবা। এরপর শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ। এবার তার সঙ্গে থাকবেন স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

জয় বলেন, পূর্ব লন্ডনের টেমস নদীতীরবর্তী শহর বার্কিংয়ে তার বোন ইমা ইসলাম থাকেন। এবার লন্ডনে ফিরে সেখানেই থাকবেন ইলিয়াস কাঞ্চন। এর আগেও ব্রেন টিউমারের চিকিৎসার সময় হাসপাতালের পাশাপাশি মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা শুরু হবে। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর দুই ধাপে কেমোথেরাপি দেওয়া হয় তাকে।

তবে টিউমারটির অবস্থান মস্তিষ্কের অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্নায়ুসংযোগের কাছে হওয়ায় চিকিৎসকেরা সেটি পুরোপুরি অপসারণ করতে পারেননি বলে জানান জয়।

তিনি বলেন, লন্ডনে পৌঁছানোর পর ইলিয়াস কাঞ্চনের সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকেরা।

পরিবারের পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com