ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ গাঙ্গুলী। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সর্বশেষ দুটি চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন সৌরভ। অভিযোগে তিনি জানান, গত প্রায় ছয় মাস ধরে তাঁর নামে বিভিন্ন চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি।
সোমবার তাঁর দপ্তরে পৌঁছানো দুটি চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিষয়টি পুলিশকে জানান সৌরভ। চিঠিগুলো কারা পাঠিয়েছে এবং এর পেছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
তদন্তকারীরা হুমকির চিঠিগুলোর উৎস এবং সেগুলো পাঠানোর প্রক্রিয়া খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনো একটি কুরিয়ার পরিষেবার মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়ে থাকতে পারে। সেই সূত্র ধরে কুরিয়ার সংস্থার তথ্য ও চিঠিগুলোর ট্রেইল পরীক্ষা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক সন্দেহ, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকার কোনো নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
ইতোমধ্যে তদন্ত চালিয়ে একটি মোবাইল নম্বর শনাক্ত করেছেন গোয়েন্দারা। ওই নম্বরের সঙ্গে হুমকির চিঠি এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চিঠিগুলোর উৎস, কুরিয়ার ট্রেইল এবং শনাক্ত মোবাইল নম্বর—এই সূত্রগুলো ধরে তদন্ত এগিয়ে নিচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। হুমকির পেছনে কারা রয়েছে এবং এর প্রকৃত উদ্দেশ্য কী, তা জানার চেষ্টা চলছে।