প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ নাটকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধুমিতাসহ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মধুমিতা বলেন, “এখানে এসে এত আন্তরিকতা পেয়েছি যে মনেই হচ্ছে না আমি প্রথমবার কোনো জায়গায় এসেছি। এত সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
নতুন সিনেমার গল্প ও নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, তিনি এই সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী। ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ চরিত্রের জন্য তিনি অনেক ভালোবাসা পেয়েছেন। তবে এবার বাংলাদেশের দর্শক তাকে ‘পাখি’ নয়, ‘চামেলি’ নামে চিনবেন—এটাই তার প্রত্যাশা।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করছেন রোজিনা, আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।