দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিটিএসের সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক—জানান, চলতি বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য তারা কোনো গান জমা দেবে না।
বিবৃতিতে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, সংগীতকে কোনো অঞ্চল বা ভাষার সীমার মধ্যে না রেখে তার নিজস্ব শিল্পমান ও সৃজনশীলতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিটিএসের এই ঘোষণায় বিস্মিত হয়েছেন তাদের ভক্তরা। কারণ, দীর্ঘদিন ধরে গ্র্যামি স্বীকৃতির অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হয়ে আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় এই ব্যান্ড। এমন এক সময়ে তাদের এই সিদ্ধান্ত এলো, যখন রেকর্ডিং একাডেমি ২০২৭ সালের জন্য পপ সংগীতের একটি নতুন বিভাগ যুক্ত করার পরিকল্পনা করছে।
বিটিএসের সিদ্ধান্তকে ঘিরে কে-পপ অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক ভক্ত মনে করছেন, এশীয় শিল্পীদের মূল্যায়নের ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তাদের একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বিচার করা হচ্ছে।
অন্যদিকে, অনেকের মত, বিশ্ব সংগীতে এশীয় পপের প্রভাব ও জনপ্রিয়তার তুলনায় এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি আরও আগেই পাওয়া উচিত ছিল। বিটিএসের এই সিদ্ধান্তকে কেউ কেউ সংগীতের বৈশ্বিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখছেন।