ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। সিনেমায় আগের মতো নিয়মিত না থাকলেও বিভিন্ন ফটোশুট ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নজরে থাকেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেন অপু। ছবিগুলোতে তাকে সোনালি রঙের মেটালিক শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী অলঙ্কারে সজ্জিত দেখা যায়। পোশাক ও গয়নার সমন্বয়ে তার লুক ফুটে উঠেছে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধনে।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল এবং রাজকীয় উপস্থিতির প্রশংসা করেন।
ফটোশুটের ক্যাপশনে নিজের এই লুকের পেছনে কাজ করা টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু বিশ্বাস। বিশেষ করে স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিষ্ঠা, রুচি ও সৃজনশীলতার প্রশংসা করে তিনি লেখেন, প্রতিটি সূক্ষ্ম নান্দনিকতা ও সৌন্দর্যের পেছনে রয়েছে তার আন্তরিক প্রচেষ্টা।
নিজের অনুভূতি প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন, “আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।”
ফটোশুটে অপু বিশ্বাসের অভিব্যক্তি, চোখের চাহনি ও আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। ভিন্নধর্মী সাজ ও গ্ল্যামারাস লুকে তিনি প্রায়ই অনুরাগীদের সামনে হাজির হন। এবারও ঐতিহ্যবাহী অলঙ্কার ও সোনালি শাড়ির নান্দনিক সমন্বয়ে তার রাজকীয় আবেদন মুগ্ধ করেছে ভক্তদের।