সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন সময়ে আমরা সবাইকে অনুরোধ করছি, যেন তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।”
এতে আরও বলা হয়, “আমরা একটি সফল অস্ত্রোপচার এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে কোনো ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়াবেন না।”
মেঘলা মুক্তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর তা জানানো হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের মিথ্যা তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর সহকর্মী, ভক্ত ও অনুসারীরা। তারা মেঘলা মুক্তার দ্রুত সুস্থতা কামনা করছেন।