ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার হাজির হচ্ছেন একেবারে নতুন পরিচয়ে। দীর্ঘদিন অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করার পর এবার প্রথমবারের মতো গায়ক হিসেবে মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। আর সেই অভিষেক হতে যাচ্ছে দেশের বাইরে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
আগামী ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ সংগীত সন্ধ্যা’। এই আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন অপূর্ব।
সংগীতানুষ্ঠানের ঘোষণা প্রকাশের পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
অপূর্ব লিখেছেন, ‘সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।’
প্রকাশিত পোস্টার অনুযায়ী, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে দর্শকদের জন্য নিজের কণ্ঠে একাধিক গান পরিবেশন করবেন অপূর্ব।
সংগীতানুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার এবং ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত। তাই আগ্রহীদের আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
‘একটি স্মরণীয় রাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে বিশেষ এই সংগীত সন্ধ্যার। অভিনয়ের বাইরে অপূর্বের নতুন রূপ দেখতে ইতোমধ্যেই মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকরা।
এখন অপেক্ষা শুধু ৮ আগস্টের। অভিনেতা হিসেবে অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া অপূর্ব গায়ক হিসেবেও দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, সেটিই দেখার বিষয়।