শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

হুমকির অভিযোগে পিয়ার জিডি, তদন্তের নির্দেশ আদালতের

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

প্রাণনাশের হুমকির অভিযোগে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পিয়া জান্নাতুলের করা জিডির তদন্তের অনুমতি চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। সোমবার ওই আবেদনের শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, জিডির অভিযোগ তদন্তের অনুমতির আবেদন শুনানির জন্য ধার্য ছিল। শুনানি শেষে আদালত পুলিশকে অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুনানির সময় পিয়া জান্নাতুল নিজেও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ জুলাই রাজধানীর বনানী থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন পিয়া জান্নাতুল। জিডিতে তিনি উল্লেখ করেন, অতীত বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

জিডির অভিযোগে পিয়া জান্নাতুল বলেন, সম্প্রতি এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছেন।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং অজ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এছাড়া গত তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছেন বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।

পুলিশ এখন অভিযোগের বিষয়গুলো যাচাই করে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com