বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। ফলে অনুসারীর সংখ্যায় দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেছেন তিনি।
সম্প্রতি দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী প্রায় ১ কোটি ৬০ লাখ। অর্থাৎ বর্তমানে অনুসারীর সংখ্যায় প্রায় ১০ লাখের ব্যবধানে এগিয়ে রয়েছেন পরীমনি।
চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করলেও পরীমনির জনপ্রিয়তার বড় একটি অংশ গড়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে। নিয়মিত ছবি, ভিডিও ও ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি করার মাধ্যমে ভক্তদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রেখেছেন তিনি।
সাম্প্রতিক সময়েও তাঁর পোস্টগুলোতে ব্যাপক সাড়া মিলছে। গত রোববার মেয়ের সঙ্গে খুনসুটির একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘সাজুনি বুড়ি দেখেন’। পোস্টটি প্রকাশের ২২ ঘণ্টার মধ্যেই ভিডিওটিতে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য এবং প্রায় ১৫ লাখ ভিউ হয়।
এর আগের দিন রোদে বসে তোলা একটি ছবি ‘সানসাইশন’ ক্যাপশনে পোস্ট করেন পরীমনি। সেই পোস্টেও ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসানও মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন কারণে নিয়মিত আলোচনায় থাকেন।
উল্লেখ্য, কয়েক মাসের ব্যবধানে পরীমনি ও সাকিব—দুজনই ফেসবুকে ১ কোটি ৬০ লাখ অনুসারীর মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে সর্বশেষ হিসাব অনুযায়ী, অনুসারীর সংখ্যায় এককভাবে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।