ভারতে সম্প্রতি আলোচিত একটি আন্দোলনকে ঘিরে দেওয়া মন্তব্যের কারণে নতুন বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম বা ‘জেন জি’কে উদ্দেশ করে তাঁর করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্দোলন চলাকালে তরুণদের বিভিন্ন সৃজনশীল স্লোগান, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই আন্দোলনের প্রচার ও জনসম্পৃক্ততার পেছনে জেন জি প্রজন্মের ভূমিকার প্রশংসা করলেও বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন কঙ্গনা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে আন্দোলনকারীদের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। কঙ্গনা লেখেন, “জীবনে কখনও এক জায়গায় এত কুৎসিত জিনিস দেখিনি। জেন জি-দের এই আন্দোলনের রিলগুলো দেখে বমি পায়। ওরা যেভাবে কথা বলছে এবং যে ধরনের ভাষা ব্যবহার করছে, তা অত্যন্ত বিরক্তিকর ও অশালীন।”
তিনি আরও প্রশ্ন তোলেন আন্দোলনকারীদের সামাজিক ও পারিবারিক শিক্ষার বিষয়ে। কঙ্গনার ভাষায়, “ভারত নানা সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। এখানকার মানুষের পোশাক, ব্যবহার ও সংস্কৃতির মধ্যে সৌন্দর্য রয়েছে। কিন্তু এই আন্দোলনে সেই মূল্যবোধের প্রতিফলন দেখা যায়নি।”
পোস্টের এক পর্যায়ে আন্দোলনকারীদের উদ্দেশে আরও কড়া মন্তব্য করেন কঙ্গনা। তাঁর বক্তব্য, “তোমরা নিজেদের ‘ককরোচ’ বলছ। দেখতে ও আচরণেও তেমনই। তোমরা শুধু নিজেদের নোংরামি ও কুৎসিত আচরণ বিশ্বের সামনে তুলে ধরছ।”
কঙ্গনার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতারা। কংগ্রেস নেতা ভাই জগতাপ এবং এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান তাঁর বক্তব্যকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, এ ধরনের মন্তব্যের জন্য জেন জি প্রজন্মের কাছে কঙ্গনা রানাউতের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
তবে এ বিষয়ে কঙ্গনা রানাউতের পক্ষ থেকে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।