দেশের বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাড়ি ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালাদের আচরণ নিয়ে সরাসরি কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মিঠু বলেন, “বছরের পর বছর বাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু প্রতি বছর আমাদের আয় তো বাড়ছে না। বাড়ির মেইনটেন্যান্স কস্ট ও সার্ভিস চার্জও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়।”
শুধু বাড়ি ভাড়া বৃদ্ধিই নয়, রাতের নির্দিষ্ট সময়ের পর বাড়ির গেট বন্ধ করে দেওয়ার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “২০২৬ সালেও রাত ১১টার পর ভাড়াটিয়াদের জন্য গেট বন্ধ করে দেওয়া হয়। এটা না হয় বুঝলাম, অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু বাড়িতে চোর-ডাকাত কীভাবে ঢোকে, তখন এসব নিয়ম কোথায় থাকে?”
বাড়িওয়ালাদের উদ্দেশে মিঠু বলেন, “আমার একটাই অনুরোধ, একটু মানবিক হোন। ভাড়াটিয়াদেরও মানুষ হিসেবে মূল্যায়ন করুন। তাদের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল আচরণ করুন।”
মিঠুর এই ভিডিও বার্তা গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত-অনুরাগী তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।