সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

‘গুলশানের চামেলি’তে মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮ Time View

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মধুমিতা। সম্প্রতি কলকাতা থেকে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কাজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। অনেক বছর ধরেই বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশে আসছি।”

মধুমিতা জানান, কয়েকদিন আগে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটি করার আগ্রহ তৈরি হয় তার।

চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “গল্পটি অসাধারণ। চরিত্রটিও আমার খুব পছন্দ হয়েছে। কলকাতায় অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, তবে এমন চরিত্র আগে করিনি। এতে অনেকগুলো স্তর রয়েছে, তাই কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।”

‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প আবর্তিত হবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন।

সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো কাহিনি একজন নারীকে কেন্দ্র করেই এগোবে। একই চরিত্রের ভিন্ন ভিন্ন দিক ও জীবনের নানা বাস্তবতা পর্দায় তুলে ধরা হবে।

উল্লেখ্য, ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে তখন প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এবার নতুন পরিকল্পনায় ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে মধুমিতার সঙ্গে আর কোন কোন শিল্পী অভিনয় করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com