বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির সঙ্গে একই পর্দায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা।
সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অভিনয় ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও নানা স্মৃতির কথা তুলে ধরেন তাসনুভা তিশা। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, বলিউডে কোন অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
জবাবে তিশা বলেন, ইমরান হাশমির সঙ্গে অভিনয় করা তার স্বপ্ন। অভিনেতার অভিনয় দক্ষতা ও পর্দায় আবেগ প্রকাশের ধরন তাকে মুগ্ধ করে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যে ইমরান হাশমির স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য উপস্থিতি দর্শকদের গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত করে বলে মনে করেন তিনি।
আলাপচারিতায় নিজের শৈশবের একটি মজার স্মৃতিও শেয়ার করেন তাসনুভা তিশা। তিনি জানান, ছোটবেলায় তার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার পাতলা গড়ন দেখে বাবা মজা করে বলতেন, “তুমি তো আর্মির ভারী বন্দুকই ঠিকমতো তুলতে পারবে না!”
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের এমন নানা গল্প শেয়ার করে ভক্তদের সামনে নিজের অন্যরকম একটি দিক তুলে ধরেছেন তাসনুভা তিশা। তার সরল স্বীকারোক্তি ও প্রাণবন্ত কথাবার্তা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে।