দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (MCU) যুক্ত হচ্ছেন হলিউড তারকা রায়ান গসলিং। মার্ভেলের জনপ্রিয় চরিত্র ‘ঘোস্ট রাইডার’ হিসেবে পর্দায় দেখা যাবে অস্কার মনোনীত এই অভিনেতাকে।
মার্ভেল স্টুডিওস জানিয়েছে, নতুন এই সিনেমাটি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সান ডিয়েগো কমিক কনের হল এইচ মঞ্চে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়।
ছবিটি পরিচালনা করবেন শন লেভি এবং চিত্রনাট্য লিখবেন জোনাথন ট্রপার। রায়ান গসলিংয়ের সঙ্গে এই সিনেমায় কাজ করবেন শন লেভিও। এর আগে ২০২৭ সালে মুক্তি প্রতীক্ষিত ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ সিনেমায়ও তারা একসঙ্গে কাজ করেছেন।
এর আগে বড় পর্দায় ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা নিকোলাস কেজ। তিনি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘোস্ট রাইডার’ এবং ২০১১ সালের ‘ঘোস্ট রাইডার: স্পিরিট অব ভেঞ্জেন্স’ সিনেমায় জনি ব্লেজ চরিত্রে অভিনয় করেন। দুটি সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৩৬ কোটি ১০ লাখ ডলারের বেশি।
‘ঘোস্ট রাইডার’ চরিত্রের মূল কাহিনিতে জনি ব্লেজকে একজন মোটরসাইকেল স্টান্টম্যান হিসেবে দেখানো হয়, যিনি অতিপ্রাকৃত শক্তির কারণে এক ভয়ংকর প্রতিশোধপরায়ণ চরিত্রে পরিণত হন।