ভারতে চলমান যন্তর মন্তর সিজিপি আন্দোলন নিয়ে ইতোমধ্যে অনেক তারকা প্রকাশ্যে নিজেদের মতামত জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরই মধ্যে পরিবারের সঙ্গে লন্ডনে তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ছেলে আরিয়ান খানকে নিয়ে লন্ডনের রাস্তায় সময় কাটাচ্ছেন শাহরুখ। হুডি ও সানগ্লাস পরা অভিনেতার সেই ছবিগুলো ভাইরাল হওয়ার পর তার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, দেশের এমন পরিস্থিতিতে বলিউডের বেশ কয়েকজন তারকা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সেই প্রেক্ষাপটে শাহরুখ খানের নীরবতা এবং বিদেশে অবস্থান নিয়ে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে শাহরুখ খান বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে জানা গেছে, শাহরুখ খান বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে একই পর্দায় অভিনয় করতে দেখা যাবে তাকে।
বড় বাজেটের এই ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছরের ক্রিসমাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।