ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। প্রেম, বিয়ে ও সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার নিজের জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প প্রকাশ্যে আনলেন এই সুপারস্টার।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে শাকিব খান জানান, একসময় গুলশানের একটি ইংরেজি মাধ্যমের তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। সেই সম্পর্ককে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। এমনকি তাকে জীবনসঙ্গী করার ইচ্ছাও ছিল বলে জানান শাকিব। তবে নানা কারণে সেই সম্পর্ক পরিণতি পায়নি।
সাক্ষাৎকারে শাকিব বলেন, “আমার বাসার কাছেই ছিল তার বাড়ি। মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল। আমি চেয়েছিলাম তার সঙ্গেই জীবনটা কাটাতে।”
তিনি আরও বলেন, “আমি তাকে বিয়ের ব্যাপারে সত্যিই সিরিয়াস ছিলাম। সেও আমাকে অনেক ভালোবাসত। আমি মনে মনে চেয়েছিলাম তার সঙ্গেই সংসার করতে। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি কাকে চাইলাম, কাকে ভালোবাসলাম, আর শেষ পর্যন্ত জীবন আমাকে কোথায় নিয়ে গেল!”
অতীতের সেই মানুষটিকে এখনও মনে পড়ে কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, তিনি এখনও তাকে মিস করেন। একাকী সময়ে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে বলেও জানান তিনি।
তবে সেই তরুণী যদি আবার তার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, “সে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”
শাকিব খানের এই বক্তব্যের পর তার পুরোনো প্রেমের গল্প নিয়ে আবারও ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।