বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেনের পরিচালিত এই চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ ‘হরাইজনস’ (Orizzonti)-এ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এবারের উৎসবের নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে স্থান পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। হরাইজনস বিভাগে নির্বাচিত বিশ্বের আরও ১৮টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের এই চলচ্চিত্র। জুরি সদস্যরা সেখান থেকে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করবেন।
এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। বাঁধন জানান, সিনেমাটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারপরও এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, উৎসবে সিনেমাটি পাঠানোর পর থেকেই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছিলেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হয়েছেন যে, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ হরাইজনস বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে সাধারণত নতুন চিন্তা, ভিন্নধর্মী চলচ্চিত্র ভাষা এবং উদ্ভাবনী গল্পের সিনেমাগুলোকে গুরুত্ব দেওয়া হয়। এই বিভাগে নির্বাচিত হওয়া আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তার সঙ্গে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভেনিস উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নেওয়া একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।