যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গাঢ় নীল রঙের গাউনে রাজকীয় সাজে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাঁর একগুচ্ছ ছবি নজর কেড়েছে ভক্তদের।
ছবিগুলোতে দেখা যায়, নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের পটভূমিতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন মেহজাবীন। তাঁর পরনে ছিল স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন, যা সাটিন ও নেট কাপড়ের সমন্বয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ছবিগুলোতে ভিন্ন এক রাজকীয় আবহ তৈরি করেছেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো’। সঙ্গে দিয়েছেন একটি নীল রঙের হার্ট ইমোজি। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাল হো না হো’-এর নিউ ইয়র্কভিত্তিক আবহ থেকেই এই ফটোশুটের অনুপ্রেরণা নিয়েছেন বলে মনে করছেন অনেকে।
ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মেহজাবীন। ভক্তরা তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করে নানা মন্তব্য করছেন। কেউ কেউ তাঁকে আখ্যা দিয়েছেন ‘নীল পরী’।