দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের সামনে ফিরছেন এক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। গত কয়েক বছর কানাডায় স্থায়ীভাবে বসবাস করায় দেশের শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরে নতুন একটি অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী ও উপস্থাপক।
এক পডকাস্টে মুনমুন জানান, শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, বরং গবেষণাভিত্তিক ও অর্থবহ কোনো অনুষ্ঠান হলে তবেই উপস্থাপনায় ফিরতে চেয়েছিলেন তিনি। সেই ভাবনা থেকেই যুক্ত হয়েছেন ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ অনুষ্ঠানে।
অনুষ্ঠানটিতে দেশের সংগীত, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের জীবন, কাজ ও অভিজ্ঞতার গল্প তুলে ধরা হবে। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে দেখা যাবে মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জুয়েল আইচ, নাসরীন জাহান ও রফিক আজমসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনকে।
‘আমার আমি’খ্যাত পরিচালক সাজ্জাদ হুসাইন অনুষ্ঠানটি নির্মাণ করেছেন। তিনি জানান, কয়েকজনের নাম বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত মুনমুনকেই এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।
গত ৫ থেকে ৮ জুলাই অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। ১৩ পর্বের ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে প্রচারিত হচ্ছে। প্রতি সপ্তাহে প্রকাশ হবে নতুন পর্ব।
উল্লেখ্য, ২০০৬ সালে চ্যানেল আইয়ের ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মুনমুন। পরে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তবে উপস্থাপক হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন, বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানের মাধ্যমে।