দক্ষিণী ও হিন্দি—দুই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের কাজের পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। সেখানে দক্ষিণী চলচ্চিত্র জগতের প্রতি নিজের বেশি আগ্রহের কথাও জানান এই অভিনেত্রী।
শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক আড্ডায় কাজল বলেন, দক্ষিণী সিনেমার পরিবেশ তাকে সবসময় আকৃষ্ট করেছে। তার মতে, সেখানে তারকা শিল্পী থেকে শুরু করে সাধারণ কলাকুশলীরাও নিয়ম-শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন। অন্যদিকে বলিউডের কাজের পরিবেশ তুলনামূলকভাবে কিছুটা শিথিল বলে মনে করেন তিনি।
আলোচনায় বলিউডে কাজের একটি অভিজ্ঞতা তুলে ধরে কাজল জানান, একটি সিনেমার শুটিংয়ে অভিনেতা সালমান খানের জন্য তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। তবে সেই অপেক্ষার সময়কে কাজে লাগিয়ে তিনি নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করতেন।
কাজল মজার ছলে বলেন, দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিরক্তিকর ও অস্বস্তিকর হলেও এর একটি ইতিবাচক দিক ছিল। ওই সময় কাজে লাগিয়ে তিনি নিজের ওজনও কিছুটা কমাতে পেরেছিলেন।
উল্লেখ্য, বর্তমানে কাজল আগরওয়াল তার আসন্ন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। এছাড়া পরিচালক নীতেশ তিওয়ারির বহুল আলোচিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর দুই পর্বে লঙ্কেশ পত্নী মন্দোদরীর চরিত্রে দেখা যাবে তাকে।