ভারতে নিট (NEET) পরীক্ষাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি নিজেই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ের দাদার এলাকায় আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন আয়েশা। এ সময় পুলিশ তাকে জোর করে একটি ভ্যানে তুলে ওরলি থানায় নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
আয়েশা জানান, তার আগে তার ভাই ও কয়েকজন বন্ধুকেও পুলিশ আটক করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চারজন নারী পুলিশ সদস্য আয়েশাকে ভ্যানে তুলছেন। এ সময় তিনি জানতে চান, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ তার কোনো প্রশ্নের জবাব দেয়নি। ভিডিওতে আরও এক যুবককে বলতে শোনা যায়, তার গণিত পরীক্ষা থাকলেও কোনো কারণ না জানিয়েই তাকেও আটক করা হয়েছে।
ভিডিও বার্তায় আয়েশা বলেন, থানায় নেওয়ার পর দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলেও কী কারণে তাকে আটক করা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে জানান এই অভিনেত্রী।