সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন বিশ্বজুড়ে জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত।
জানা গেছে, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত দ্বীপ নেকারে, ৭৪ একর আয়তনের ওই দ্বীপে দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ কয়েকজন প্রিয়জনের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয় ও ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
বিয়ের আয়োজনে অতিথিদের জন্য কাইটসার্ফিং, স্নরকেলিং এবং বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটানোর মতো নানা বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছিল। বিশেষ এই দিনে পোশাকেও ছিল আভিজাত্যের ছোঁয়া। থিয়া বয়সেনের পরনে ছিল নিকোল প্লাস ফেলিসিয়া কুচারের নকশা করা দৃষ্টিনন্দন ওয়েডিং ড্রেস। অন্যদিকে, মিস্টার বিস্ট পরেছিলেন রালফ লরেনের স্যুট।
ঘনিষ্ঠ পরিসরে আয়োজিত এই বিয়েতে জাঁকজমকের পরিবর্তে ব্যক্তিগত মুহূর্ত ও পরিবারের উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রথমবার থিয়া বয়সেনের সঙ্গে পরিচয় হয় মিস্টার বিস্টের। এরপর ২০২৪ সালের বড়দিনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজেদের বাড়িতে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেই সময়ই তাদের বাগদান সম্পন্ন হয়।