অভিনয় থেকে বিরতি এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এবার উপস্থাপক হিসেবে ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান।
আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন দেশের পাঁচ গুণী সংগীতশিল্পী ও সুরকার—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।
১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী লাইভ সংগীত প্রতিযোগিতা। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এই আয়োজন পরিচালনা করে থাকে।
এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে। দেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’।
ইতোমধ্যে প্রাথমিক বাছাই শেষ হয়েছে। নির্বাচিত ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ প্রশিক্ষণ পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করা হবে।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস অংশ নেবে।
বুধবার (২২ জুলাই) ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান খান ও বিচারক প্যানেলের সদস্যদের। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং টেলিভিশন চ্যানেল এনটিভি।