২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজন করা হয়েছে জমকালো হাফটাইম শো। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে দর্শকদের মাতাতে পারফর্ম করেছেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন তারকা শাকিরা, কানাডীয় গায়ক জাস্টিন বিবার এবং বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে তাদের পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই ধারণা করেছিলেন, এত বড় একটি আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য এসব তারকা পাবেন বিপুল অঙ্কের পারিশ্রমিক।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত এই হাফটাইম শোতে অংশ নেওয়া শিল্পীদের কোনো নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সুপার বোলের মতোই বিশ্বকাপের এই হাফটাইম শোতেও শিল্পীদের জন্য আলাদা অর্থ প্রদানের ব্যবস্থা রাখা হয়নি। বরং তারা এই অংশগ্রহণকে বিশ্বব্যাপী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে দেখেছেন।
বিশ্বের অন্যতম বৃহৎ দর্শকসমাগমের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগটিকেই বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করছেন এসব শিল্পী। কারণ এমন একটি বৈশ্বিক মঞ্চে উপস্থিতি তাদের পরিচিতি আরও বাড়িয়ে দেয়, যা ভবিষ্যতে সংগীত ক্যারিয়ার ও ব্যবসায়িক সাফল্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই পারিশ্রমিকের চেয়ে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রচার ও বাণিজ্যিক সুবিধাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অংশ নেওয়া তারকারা।