আবারও মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় কোটি টাকার সম্পত্তি কিনলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। জানা গেছে, ৮৪ কোটি রুপি মূল্যের একটি বিশাল বাংলো কিনেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১০০ কোটিরও বেশি।
সম্পত্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ জুলাই এই লেনদেনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে অবস্থিত ফ্রিহোল্ড এই সম্পত্তিটি প্রায় ১ হাজার ১৭.৬০ বর্গমিটার জায়গার ওপর নির্মিত। এতে রয়েছে একটি বাংলো ও একটি আউটহাউস।
জানা গেছে, বাংলোটির নির্মিত এলাকা প্রায় ১৯৩.১২ বর্গমিটার, আর আউটহাউসের আয়তন প্রায় ৩১.৫০ বর্গমিটার। এই সম্পত্তি কেনার জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে জন আব্রাহামকে দিতে হয়েছে প্রায় ৫ কোটি ৪ লাখ রুপি।
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের খার এলাকায় ৭০.৮৩ কোটি রুপি দিয়ে আরেকটি বাংলো কিনেছিলেন এই অভিনেতা। ওই সম্পত্তির জন্য তাকে প্রায় ৪.২৪ কোটি রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল।
এদিকে, বর্তমানে নির্মাতা রোহিত শেঠির একটি জীবনীভিত্তিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন জন আব্রাহাম। ভারতের সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার স্মৃতিকথা ‘লেট মি সে ইট নাউ’ অবলম্বনে তৈরি হতে যাওয়া এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। দেশের ইতিহাসের সঙ্গে জড়িত এক আলোচিত ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করবেন জন।