ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির অপেক্ষায়। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত এই মেগা প্রজেক্টটি দুই পর্বে তৈরি হয়েছে। এর প্রথম পর্ব চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ২৪ জুলাই প্রকাশ করা হবে ছবিটির বহুল প্রতীক্ষিত ট্রেলার।
ট্রেলার প্রকাশ উপলক্ষে ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, প্রযোজক এবং অভিনয়শিল্পীরা।
ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আর রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা যশ। অনুষ্ঠানে রণবীরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন যশ। তিনি বলেন, “রণবীর, তুমি অভাবনীয়! পুরো ভারত দেখবে, কীভাবে তুমি নিজেকে এই চরিত্রে সম্পূর্ণভাবে নিবেদন করেছ এবং পর্দায় এক অনন্য জাদু সৃষ্টি করেছ।”
যশ আরও বলেন, “এমন অসাধারণ একটি ছবির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এর পুরো কৃতিত্ব প্রযোজক নমিত মালহোত্রার। তিনিই আমাকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। এই ছবির সুবাদে হিন্দি ভাষা শেখারও সুযোগ হয়েছে।”
‘রামায়ণ’ ছবিতে আরও অভিনয় করেছেন সাই পল্লবী (সীতা), সানি দেওল (হনুমান), অরুণ গোভিল (রাজা দশরথ), রকুল প্রীত সিং (শূর্পণখা), রবি দুবে (লক্ষ্মণ), বিবেক ওবেরয় (বিশ্বামিত্র) এবং কুণাল কাপুর (দেবরাজ ইন্দ্র)।
পরিচালনায় রয়েছেন নীতীশ তিওয়ারি। ছবিটির প্রযোজক নমিত মালহোত্রা। সংগীত পরিচালনায় একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী হ্যানস জিমার এবং ভারতের কিংবদন্তি সুরকার এ আর রহমান।