প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীব। তার প্রথম সিনেমাটি নির্মিত হবে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। বিষয়টি আগেই জানিয়েছিলেন নির্মাতা নিজেই। তবে সিনেমার প্রধান চরিত্রে কে অভিনয় করবেন, তা এতদিন নিশ্চিত ছিল না।
এবার জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে আদনান আল রাজীব বলেন, কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের মধ্যে সিয়াম আহমেদও রয়েছেন। তার সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সিনেমাটির নায়কের বিষয়টি সামনে এলেও এখনো চূড়ান্ত হয়নি নায়িকার নাম। নির্মাতা জানিয়েছেন, উপযুক্ত অভিনেত্রী নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
আদনান আল রাজীবের প্রথম চলচ্চিত্রটি হবে একটি রোমান্টিক গল্পনির্ভর সিনেমা। সাম্প্রতিক সময়ে সিয়ামকে ‘জংলি’ ও ‘রাক্ষস’-এর মতো অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেলেও, এই সিনেমার মাধ্যমে তাকে আবারও প্রেমের গল্পের নায়কের ভূমিকায় দেখা যাবে।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরেই সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য রয়েছে নির্মাতার। তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত করা হয়নি।