ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী কিংবা তার পরিবারের কেউ।
বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের বরাতে এ খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। এর মধ্যেই নিজের ফেসবুক পেজে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন পূজা চেরি, যা ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ।
ছবিগুলোতে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের একটি সালোয়ার-কামিজে দেখা গেছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও উন্নত করার পথে এগিয়ে যাচ্ছেন তিনি।
তবে নতুন ছবির চেয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার বাগদানের গুঞ্জন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরির পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। অনেকের ধারণা, পরিবারের সম্মতিতেই আগেই বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে পূজা চেরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে একটি পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে করবেন না। বরং সবাইকে জানিয়ে আনুষ্ঠানিকভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করা পূজা চেরি বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।