বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল বাংলা চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে নিজের আগ্রহের কথা জানান তিনি।
অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। জবাবে তিনি জানান, নিয়মিত বাংলা ছবি দেখা হয় না। তবে সুযোগ ও সময় মিললে বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী।
বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্কও বেশ পুরোনো। তার মা, কিংবদন্তি অভিনেত্রী তনুজা, হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। মায়ের মতো নিজেকে গড়ে তুলতে পেরেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, “আমি এখনো সেই চেষ্টাই করে যাচ্ছি।”
উল্লেখ্য, ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে কাজলের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা দেব, সংগীতশিল্পী নিকিতা গান্ধী এবং রাজনীতিবিদ ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুসহ বিভিন্ন অঙ্গনের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।