দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের আসন্ন সিনেমা ‘ফৌজি’-র শুটিং সেটে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন টলিউড অভিনেতা রাজেশ শর্মা।
জানা গেছে, শুটিং চলাকালে বিষাক্ত পোকার কামড়ে তার শরীরে সংক্রমণ দেখা দেয়। পরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ঘটনার উচ্চপর্যায়ের ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার স্বাক্ষরিত বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে—রাজেশ শর্মার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর কেন তাকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, শুটিং সেটে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসুবিধা ছিল কি না এবং নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না।
সংগঠনটি জানিয়েছে, কোনো সিনেমার বাজেট বা তারকার জনপ্রিয়তার চেয়ে শিল্পী ও কলাকুশলীদের জীবন ও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। সেটে নিরাপত্তা নিশ্চিত করা প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্ব।
এআইসিডব্লিউএ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজেশ শর্মার চিকিৎসার সব খরচ ‘ফৌজি’ সিনেমার প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে বহনের দাবি জানিয়েছে।