ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিম মানতাশা ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজের পছন্দ-অপছন্দ ও ভাবনার কথা জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম জানান, তিনি ফুটবল খুব পছন্দ করেন। তার প্রিয় দল আর্জেন্টিনা এবং প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। তবে বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে আগ্রহী নন তিনি।
মিম বলেন, চারপাশে ফুটবল নিয়ে অনেক আলোচনা ও উচ্ছ্বাস থাকলেও তিনি চলমান ইস্যু নিয়ে বেশি মাতামাতি করতে পছন্দ করেন না।
অভিনয় প্রসঙ্গে তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। বেশি কাজের চেয়ে ভালো গল্প ও নিজের সঙ্গে মানানসই চরিত্র বেছে নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্মে কাজ না করার বিষয়ে মিম জানান, এখন পর্যন্ত তেমন কোনো প্রস্তাব পাননি। তবে ভালো কোনো চরিত্রের সুযোগ এলে ভবিষ্যতে ওটিটিতে কাজ করতে আগ্রহী তিনি।
সম্প্রতি নির্মাতা নাফিস সেলিমের পরিচালনায় তিনটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মিম মানতাশা। বিজ্ঞাপনগুলো দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানান তিনি।
এদিকে আজ মিম মানতাশার জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।