ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প জানান, স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে তিনি অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটোর এই সদস্য দেশটিকে তিনি ‘খারাপ অংশীদার’ বলেও মন্তব্য করেন।
এর আগে, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে সহযোগিতা না করে স্পেন নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। ওই ঘটনার জেরেই ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ ও হরমুজ প্রণালির খার্গ দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।