দীর্ঘ ৭২ বছর পর ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শক্তিশালী প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে প্রস্তুত সুইজারল্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দলটির কোচ মুরাত ইয়াকিন আর্জেন্টিনাকে হারানোর প্রত্যয় জানিয়েছেন।
তিনি বলেন, “বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ একটি সুযোগ। আর্জেন্টিনা অপরাজেয় নয়। তাদের হারানোর লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলার ধরন ও মানসিকতা সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে।”
কোয়ার্টার ফাইনালে ওঠার পর দলের আত্মবিশ্বাস ও সাম্প্রতিক পারফরম্যান্সকে বড় শক্তি হিসেবে দেখছেন সুইস কোচ। তবে আর্জেন্টিনার সামর্থ্য নিয়েও সতর্ক তিনি। তার মতে, প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সুইজারল্যান্ড পুরোপুরি সচেতন।
১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। আগামী রবিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।