পাকিস্তানি অভিনেতা আহাদ রেজা মির ও অভিনেত্রী দানানির মোবিনকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি পাকিস্তানি বিনোদনভিত্তিক গসিপ পেজ ‘সাহের স্কুপ’ একটি ঝাপসা ছবি প্রকাশ করে দাবি করেছে, থাইল্যান্ডে গোপনে ছুটি কাটাচ্ছেন এই দুই তারকা।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যদিও ছবিটি স্পষ্ট নয়, তবুও অনেকের দাবি, সেখানে থাকা যুগলটি আহাদ ও দানানির।
প্রকাশিত ছবিতে দেখা যায়, একজন পুরুষ ও একজন নারী একে অপরের খুব কাছাকাছি বসে আছেন। তবে ছবির সত্যতা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আহাদ রেজা মির ও দানানির মোবিনকে ঘিরে এমন গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। এর আগে আহাদের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী সাজাল আলির প্রেম ও বিয়ের সম্পর্ক ছিল। তবে পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে।
এদিকে, থাইল্যান্ডে একসঙ্গে থাকার খবর নিয়ে এখন পর্যন্ত আহাদ রেজা মির বা দানানির মোবিন—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তাদের নীরবতার কারণে ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়ছে।