ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি জানান, তিনি মা হতে চলেছেন এবং একই সঙ্গে প্রকাশ করেন নিজের দ্বিতীয় বিয়ের খবর।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিষয়টি জানান। সেখানে সহকর্মীদের উদ্দেশে মৌসুমী বলেন, সবার সঙ্গে সরাসরি দেখা করে আনন্দের খবরটি জানাতেই তিনি স্বামীসহ অনুষ্ঠানে এসেছেন।
অভিনেত্রী আরও বলেন, বিষয়টি আগে প্রকাশ না করার কারণ ছিল ভুল তথ্য ছড়ানোর আশঙ্কা। সঠিক সময়ে সবাইকে জানাতেই তিনি এই মঞ্চকে বেছে নিয়েছেন। তিনি জানান, তিনি ও তার অনাগত সন্তান সুস্থ আছেন এবং নতুন এই অনুভূতিতে তিনি আনন্দিত। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন।
মৌসুমী হামিদ নিশ্চিত করেন, এটি তার দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও আয়োজন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তার ভাষায়, অনেক আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তারা নতুন অতিথিকে ঘিরে সময় কাটাচ্ছেন।
স্বামীর পরিচয় জানিয়ে তিনি বলেন, তারা দীর্ঘ ১৪ বছরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন।