প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী রাকিবুল হাসান। তিনি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দোয়ার পোস্ট করেন রাকিবুল হাসান, যা কন্যাসন্তান জন্মের পর পাঠ করা একটি বরকতময় দোয়া হিসেবে পরিচিত। পোস্টের পর ভক্ত-অনুরাগীরা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে প্রিয়াঙ্কা জামান প্রথমবার মা হতে যাওয়ার খবর জানান। তখন তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জুলাই মাসে তাদের সন্তানের জন্মের সম্ভাবনা ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য সিজারিয়ানের পরিকল্পনা আগে থেকেই করা ছিল। জন্মের আগেই দম্পতি সম্ভাব্য নামও ঠিক করেছিলেন—ছেলে হলে আফফান বিন রাকিব এবং মেয়ে হলে মারিয়াম বিনতে রাকিব।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। বিয়ের কয়েক মাস পরই প্রথম সন্তানের আগমনের খবর দেন তিনি।