দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। ঈদ, জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষে প্রিয় তারকাকে এক নজর দেখতে এই বাড়ির সামনে ভিড় জমান হাজারো ভক্ত। তবে সেই পরিচিত দৃশ্য হয়তো শিগগিরই বদলে যেতে পারে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রার চিম্বাই এলাকায় সমুদ্রসংলগ্ন একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে সালমান খান পরিবার। ভবনটিতে থাকবে গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং এর ওপর ছয়টি আবাসিক তলা।
প্রতিবেদনে বলা হয়, গত ১৬ জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি ওই প্রকল্পের অনুমোদন দেয়। প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার জমিতে এই ভবন নির্মিত হবে, যা সালমানের মা সালমা খানের নামে নিবন্ধিত। এর আগে সেখানে থাকা দুই তলার পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়েছে।
তবে নতুন ভবনে কবে স্থানান্তর করবেন বা দীর্ঘদিনের বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়বেন কি না—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণেও এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন এই অভিনেতা।
উল্লেখ্য, ২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে তদন্তে জানা যায়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ওই হামলায় জড়িত ছিল। এরপর থেকে সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয় এবং তিনি বর্তমানে ওয়াই-প্লাস নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। পাশাপাশি বাসভবনে বুলেটপ্রুফ কাচসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।