স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আলভীকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা অগ্রগতিতে সহায়ক হবে। পাশাপাশি প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়েও তথ্য মিলেছে বলে দাবি করা হয়।
শুনানির সময় আদালত আসামির কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে জাহের আলভী মাথা নেড়ে ‘না’ জানান।
অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা মামলার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে লিখিতভাবে জানাতে আবেদন করেন। আদালত এ বিষয়ে তদন্ত কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেন।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাবা কবির হায়াত খান অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন।
মামলার পর চলতি বছরের ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। তবে আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রিমান্ড শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হলো।