আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। তবে এবার গুঞ্জনের সূত্রপাত হয়েছে নিজেই অভিনেত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে।
জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন করে ‘এঙ্গেজড’ লেখেন তিনি। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করেন, তিনি হয়তো বাগদান সম্পন্ন করেছেন।
পরবর্তীতে বিষয়টি স্পষ্ট করে গণমাধ্যমে বক্তব্য দেন নাজনীন নীহা। তিনি জানান, এটি বাগদানের ঘোষণা নয়, বরং তার বর্তমান সম্পর্কের অবস্থার ইঙ্গিত। তার ভাষায়, তিনি সিঙ্গেল নন এবং কারও সঙ্গে সম্পর্কে আছেন, তবে বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না।
অভিনেত্রী বলেন, তিনি ব্যক্তিগত জীবনে স্বচ্ছ থাকতে পছন্দ করেন বলেই এই তথ্যটি নিজেই জানিয়েছেন। তবে সময় হলে তার সঙ্গীর পরিচয়ও প্রকাশ করবেন বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে নীহার পারিবারিক একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব শিগগিরই তিনি তার জীবনের নতুন অধ্যায় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
অন্যদিকে একটি সূত্রে দাবি করা হয়েছে, নাজনীন নীহার কথিত প্রেমিক বাংলাদেশি নন; তিনি পাকিস্তানের নাগরিক। ভ্রমণের সময় তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়।