আষাঢ়ের আবহকে ঘিরে নতুন গান ‘মেঘ’ প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। রোববার (২৮ জুন) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে গানটি।
এটি কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।
গানটির সংগীত প্রযোজনা ও সংগীতায়োজনে রয়েছেন শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব।
বর্ষার অনুভূতি, অপেক্ষা এবং নতুন শুরুর আশাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মেঘ’। কোক স্টুডিও বাংলার ভাষ্য অনুযায়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মধ্য দিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়।